বাঁকুড়ায় হাতির হানায় মৃত্যু যুবকের
দি নিউজ লায়ন ; গতকাল পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় হাতির আক্রমণ নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। হাতির হামলায় মৃত্যু হলে পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি পরিবারের একজনকে ফরেস্ট হোমগার্ড পদে চাকরী দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষনা করেন তিনি। সেই ঘোষনার কয়েক ঘন্টা যেতে না যেতেই হাতির হানায় বাঁকুড়া জেলায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম মিলন কারক (২৫)। বাড়ি সোনামুখী থানার কোচডিহি গ্রামে।
জানা গেছে গতকাল দুপুরে বড়জোড়া এলাকায় থাকা প্রায় চল্লিশটি হাতির দলকে তাড়িয়ে নিয়ে যাওয়া হয় সোনামুখী ব্লক এলাকায়। রাতে স্থানীয় কোচডিহির জঙ্গলে ছিল হাতির পালটি। সন্ধ্যে নামতেই খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে হাতির পালটি নেমে আসে পার্শ্ববর্তী ধানের জমিতে। নিজের জমির ফসল বাঁচাতে অন্যান্য গ্রামবাসীর পাশাপাশি মিলন কারকও নিজের জমি পাহারা দিতে গিয়েছিলেন।
জমি পাহারা দেওয়ার সময় আচমকাই হাতিগুলি আক্রমণ করে মিলন কারককে। তাঁকে শুঁড়ে করে তুলে মাটিতে আছাড় মেরে পায়ে করে থেঁতলে দেয় হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিলন কারকের। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে সোনামুখী থানায় নিয়ে যায়। আজ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।
বন দফতরের তরফে জানানো হয়েছে মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত ধরনের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি এলাকা থেকে দ্রুত হাতিগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।

Post a Comment